হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও নিরাপত্তাকর্মীকে আঘাত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৫ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলায় হাজিরা দেন আখতারুজ্জামান। তবে তদন্ত সংস্থা বিমানবন্দর থানা-পুলিশ প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় আসে। তাঁদের ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রীরা ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান।
এজাহারে বলা হয়েছে, ওই সময় যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলির সংকট দেখা দেয় এবং ট্রলি নিতে দীর্ঘ সারি তৈরি হয়। কয়েকজন প্রটোকল সহকারী সারির নিয়ম ভেঙে ট্রলি নেওয়ার চেষ্টা করেন। লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে তাঁদের কয়েকজন উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়, এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে আসতে বলেন। নির্বাহী পরিচালক সেখানে গিয়ে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলে আখতারুজ্জামান তাঁর দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যান এবং রূঢ় ভাষায় কথা বলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে নির্বাহী পরিচালককে মারধর ও বিমানবন্দর থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় সংসদ সদস্য কামাল হোসেন নির্বাহী পরিচালককে সেখান থেকে সরিয়ে নেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এজাহার অনুযায়ী, আখতারুজ্জামান উপস্থিত ব্যক্তিদেরও হুমকি দেন এবং বিমান ও পর্যটনমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তাঁর সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী ঘটনার ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ সময় বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন কেপিআইভুক্ত এলাকায় ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান তাঁকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করেন বলে এজাহারে দাবি করা হয়েছে। পরে ঘটনাস্থলে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গেও তিনি অশোভন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া যাত্রীদের ট্রলিতে রাখা জমজমের পানির বোতল ও পাত্র ছুড়ে ফেলে ক্ষতি করার অভিযোগও আনা হয়েছে।
এসব ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। এজাহারে সরকারি কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের কাজে বাধা, ভয়ভীতি ও হুমকি, গালিগালাজ এবং নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে ১ নভেম্বর তিনি জামিন পান।

