রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা হলে ধর্ষণ মামলা ছাড়া হত্যা মামলাসহ অন্য সব ধরনের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ জন্য এখনো যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন যাচাই করে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হয়।
আইনমন্ত্রী জানান, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। এভাবে ইতিমধ্যে ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে।
সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে গেছে, এমন মামলাও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তবে কিছু ব্যক্তি আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন। এ কারণে সব মামলা একসঙ্গে প্রত্যাহার করা সম্ভব হয়নি বলে সংসদে উল্লেখ করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, তা যাচাই করা হবে। এ ক্ষেত্রে হত্যা মামলাও প্রত্যাহার করা হতে পারে। তবে ধর্ষণ মামলা প্রত্যাহারের আওতায় আসবে না।
এর আগে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বিচারক সংকটের বিষয়ে সংসদ সদস্য মো. কেরামত আলীর সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৩৯৪টি বিচারকের পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই এ সংকট দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে মামলা প্রত্যাহারের যেসব আবেদন এসেছিল, সেগুলোর মধ্যে ছাত্রশিবিরের আবেদন যথাযথ ফরমে জমা হওয়ায় প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে জামায়াতের কয়েকটি আবেদন নির্ধারিত ফরমে না থাকায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে তিনি জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফোন করে সঠিক ফরমে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তাঁর বিরুদ্ধে থাকা ৮৬টি মামলাসহ অন্য সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার তালিকা সংসদে উপস্থাপনের অনুরোধ জানান। জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনো মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে চিহ্নিত করা হয় না। তাই যাঁরা রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন বলে মনে করেন, তাঁদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর আইনি প্রক্রিয়ায় তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

