ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন ডিলার নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনগত বাধা নেই। পাবনা অঞ্চলে নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (১১ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। এর ফলে গত ৬ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে নতুন ডিলার নিয়োগের পরবর্তী কার্যক্রম চালানো যাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল বলেন, চেম্বার আদালতের আদেশের ফলে টিসিবির নতুন ডিলার নিয়োগে আর কোনো আইনগত বাধা নেই।
টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫-এর ৬(ঝ) ধারার ৩ নম্বর ক্লজের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি শেষে পাবনা অঞ্চলে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করে প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। বুধবার শুনানি শেষে চেম্বার আদালত স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।

