মিরপুর ল কলেজের অধ্যক্ষ হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী আলাউদ্দিন আহমেদের দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা নেই। তিনি ২০৩০ সাল পর্যন্ত, অর্থাৎ ৬৭ বছর বয়স হওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্বে থাকতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি শেখ তাসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আলাউদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করেছেন আদালত।
আলাউদ্দিন আহমেদের আইনজীবী মোহাম্মদ শাহাদাত তানভীর আমিন জানান, ১৯৯৩ সালের ৩১ জুলাই মিরপুর ল কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন তাঁর মক্কেল। পরে ২০১৭ সালে তাঁকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে ওই নিয়োগ অনুমোদন করে।
আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০১৯ সালের একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে আলাউদ্দিন আহমেদের চাকরির বয়সসীমা ৬০ বছর ধরে তাঁকে অধ্যক্ষের দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন।
রিটে তাঁর পক্ষে যুক্তি দেওয়া হয়, ২০২২ সালের বিধিমালায় আইন কলেজের শিক্ষকদের অবসরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। ওই বিধিমালার ৭(গ) অনুযায়ী, অধ্যক্ষের ক্ষেত্রে অবসরের বয়স ৬৭ বছর। ফলে ৬০ বছর বয়সের সীমা দেখিয়ে তাঁকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার সিদ্ধান্ত আইনসম্মত নয়।
আইনজীবী আরও জানান, রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারির পাশাপাশি স্থগিতাদেশ দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলেও সেখান থেকে কোনো আদেশ পায়নি। পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চেও বিষয়টি নিষ্পত্তি হয়। এরপর হাইকোর্টে রুলের চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করা হয়।
আলাউদ্দিন আহমেদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত তানভীর আমিন। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী ইসমত আরা দীপা ও খায়রুল বাশার।

