শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোমা হামলা ও সন্ত্রাসের বিষয়ে আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাঁরা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।
তিনি আরও বলেন, বোমা হামলার ঘটনায় ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে।
গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরলেন আইনমন্ত্রী
সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আসাদুজ্জামান বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে।
এসব বিষয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমে শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও প্রকাশ করা উচিত। তবে সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক দিক থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।
আইনমন্ত্রী বলেন, ‘ওভারনাইট যদি মনে করেন যে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।’
নিজের বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ প্রকাশের আহ্বান
সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থা ধরে রাখতে অপসাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। তাঁর মতে, সাংবাদিকদের সত্যের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে হবে। একই সঙ্গে সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি নেতিবাচক দিকও প্রকাশ করতে হবে। এমনকি কোনো সংবাদ নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে তাঁর আপত্তি নেই।
তিনি বলেন, সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের কাছে আসে। তাই সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।
ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, মতভেদ ভুলে সংগঠনটিকে এগিয়ে নিতে হবে। কারও নেতৃত্ব বা পদ না থাকার কারণে সংগঠনের কর্মসূচিতে অংশ না নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ।

