নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম ও লিখন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে আসামিদের পক্ষে আইনজীবী শেখ ফরিদ, নিজাম উদ্দিন ও নোমান জাবেদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানিতে আইনজীবী শেখ ফরিদ দাবি করেন, মামলার বাদী আসামিদের কাছে অনৈতিকভাবে টাকা চেয়েছিলেন। সেই টাকা দিতে না পারায় তাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার কর অঞ্চল-২০-এ নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান কার্যক্রম চলছিল। অফিস সহায়ক পদে ব্যবহারিক পরীক্ষা না থাকায় মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের ছবি সংরক্ষণ করা হয়েছিল।
ওই দিন দুপুর ২টার দিকে আগারগাঁওয়ে কর কমিশনারের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে যোগদানসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের সময় আশরাফুল ইসলামের পরিচয় নিয়ে সন্দেহ দেখা দেয়। মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাঁর চেহারার মিল পাওয়া যায়নি। লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গেও তাঁর বর্তমান হাতের লেখার অমিল পাওয়া যায়।
অন্যদিকে লিখন নামের প্রার্থীর হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া এক ব্যক্তি যোগদানপত্র জমা দিতে আসেন। পরে বিকেল ৩টার দিকে নতুন নিয়োগ পাওয়া প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় সেখানে লিখন নামের আরেক ব্যক্তির উপস্থিতি দেখা যায়। তাঁর চেহারার সঙ্গেও মৌখিক পরীক্ষার সময় সংরক্ষিত ছবির মিল পাওয়া যায়নি।
মামলার বিবরণে বলা হয়, জিজ্ঞাসাবাদে আশরাফুল জানান, ৯ অক্টোবরের লিখিত এবং ১৯ অক্টোবরের মৌখিক পরীক্ষায় তিনি নিজে অংশ নেননি। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে পরে তিনি যোগদানপত্র জমা দেননি বলে জানান।
লিখনও জিজ্ঞাসাবাদে জানান, তাঁর পরিবর্তে অন্য একজন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই ব্যক্তি তাঁকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার কর অঞ্চল-২০-এর উপকর কমিশনার নিপু চন্দ্র দে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান রিয়াদ মামলাটি তদন্ত করছেন।

