২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতা বেলালকে হত্যাচেষ্টার মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ ওরফে রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর জামিন আবেদন নাকচ করে শনিবার এ আদেশ দেওয়া হয়।
১৪ নভেম্বর বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, রুদ্রের পক্ষে আইনজীবী মো. আতাউর রহমান খান রুকুসহ কয়েকজন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন রুদ্রকে দলবল নিয়ে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে পল্টন থানায় সোপর্দ করেন। পুলিশের আবেদনে তাঁকে আইন সহায়ক পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে আরও বলা হয়, তিনি ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুম, খুন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও তার সমমনা দলগুলো পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেন মামলার বাদী বেলাল।
অভিযোগ অনুযায়ী, সমাবেশে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়ে বেলাল মাটিতে পড়ে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে কুপিয়ে জখম করেন। পরে এক পুলিশ কর্মকর্তার নির্দেশে আরেক পুলিশ সদস্য তাঁর কপালে রাবার বুলেট ছোড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এতে বেলাল অজ্ঞান হয়ে পড়লে তাঁকে মৃত ভেবে একটি গাড়ির নিচে ফেলে রাখা হয় বলে মামলার অভিযোগ। পরে অন্য নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিতে বাধা দেওয়া হলে তিনি বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে দীর্ঘ সময় চিকিৎসা নেন। সুস্থ হওয়ার পর তিনি মামলা করেন।

