বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বাণিজ্যিক আদালত আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় তিনটি এবং চট্টগ্রামে দুটি বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হতে পারে। আইনটি পরিমার্জন করে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাণিজ্যিক আদালত আইন সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করছে সরকার। সীমিতসংখ্যক আদালত দিয়ে কার্যক্রম শুরু করে এ বিষয়ে বিশেষায়িত দক্ষতা ও অভিজ্ঞতা গড়ে তুলতে চায় সরকার।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর আইনি ব্যবস্থা থাকতে হবে। এ জন্য বিদ্যমান আইনটি আরও আধুনিক ও কার্যকর করতে অংশীজনদের মতামত ও সুনির্দিষ্ট সুপারিশ চাওয়া হয়েছে।
বিনিয়োগের অনুমোদন প্রক্রিয়ার জটিলতা তুলে ধরে মন্ত্রী বলেন, আগে একটি বিনিয়োগের অনুমতি পেতে বিদেশি বিনিয়োগকারীদের ২০ থেকে ২৫টি জায়গায় যেতে হতো। এতে অন্তত ছয় মাস সময় লাগত। বর্তমান সরকার এ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে দেশে বিনিয়োগের পর অর্থ বা মুনাফা ফেরত নেওয়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা নানা সমস্যায় পড়েন বলে জানান তিনি। স্থানীয় অংশীদারদের সঙ্গে বিরোধ, শ্রমিকদের করা ফৌজদারি মামলা এবং ভ্যাটসংক্রান্ত জটিলতাকে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।
তাঁর মতে, বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন দিয়ে বিনিয়োগকারীদের সব ধরনের সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। আইনটির মান ও কাঠামো নিয়েও প্রশ্ন রয়েছে। এতে প্রচলিত আইনের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সালিশ আইন এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে মূল সালিশি ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করতেই আইনটি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।
বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং এ ধরনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও নতুন আইন প্রণয়নের সময় বিবেচনায় নেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী।
অংশীজনদের আগামী ১০ দিনের মধ্যে সুনির্দিষ্ট সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় মৌখিক মতামতের পাশাপাশি লিখিত সুপারিশও আইন মন্ত্রণালয়ে পাঠানো যাবে। এসব প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী পরামর্শ সভার আগেই আইনের খসড়া আরও পরিমার্জন করার পরিকল্পনা রয়েছে।
আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি কার্যকর, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে অংশীজনদের অভিজ্ঞতা ও মতামত কাজে লাগানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে আইনটি উপস্থাপন করা হবে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ আয়োজনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান ড. মিখাল ক্রেইজা, বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর ও রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির প্রধান মার্কাস ডেভিস এবং নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বক্তব্য দেন।

