রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর মোবাইল ফোনে আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং ‘জান বাজি রেখে সবাই মাঠে নামবে’ এমন বার্তা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করা হয়।
রোববার বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি জানান, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। একটিতে বলা হয়েছে, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে’। অন্যটিতে ডিসেম্বরে ‘জান বাজি রেখে সবাই মাঠে নামবে’ বলে উল্লেখ রয়েছে। এসব বার্তা মামলার এজাহারেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিআইজি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মোবাইল ফোনে পাওয়া বার্তার সূত্র ধরে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর তাঁর দুটি ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। এখন নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্তও চলবে। জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, জানতে চাইলে ডিআইজি বলেন, বিস্তারিত তদন্তে তা বেরিয়ে আসবে। নিয়মিত মামলা ও বিভাগীয় তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেভাবে গ্রেপ্তার হন এসপি
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইনস অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। মামলা হওয়ার পরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

