নিজের বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহনন ও দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ। তিনি বলেছেন, একজন নারী আইনজীবীকে শুধু বিবাহবিচ্ছিন্ন হওয়ার কারণে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা অপমানজনক ও বেদনাদায়ক। অথচ এই অঙ্গনে অনেক পুরুষেরও বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁদের ক্ষেত্রে একইভাবে পরিচয়ের সঙ্গে ‘ডিভোর্সি’ শব্দটি যুক্ত করা হয় না।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর আইনজীবী রিজওয়ানা।
নিজের হয়রানির বর্ণনা দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে ফজলে করিম গ্রেপ্তার হওয়ার পর থেকে কয়েকটি নির্দিষ্ট ফোন নম্বর ও ব্যক্তির মাধ্যমে তাঁকে নিয়মিত হয়রানি করা হচ্ছে। তাঁকে নিয়ে ছয় থেকে সাতবার রঙিন ও সাদা-কালো পোস্টার তৈরি করা হয়েছে। ঢাকা শহরের জজ কোর্ট থেকে হাইকোর্ট মাজার এবং গুলশানসহ বিভিন্ন এলাকার দেয়ালে এসব পোস্টার লাগানো হয়েছে। এ ছাড়া দিনরাত বিভিন্ন দেশের নম্বর থেকে তাঁকে ফাঁকা ফোনকল দেওয়া হচ্ছে।
রিজওয়ানা বলেন, ‘আমি ২০ বছর ধরে এই আইন অঙ্গনে আছি। আমি এই অঙ্গনেরই মেয়ে। আমার বাবা একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। ১৮ বছর প্র্যাকটিস করার পর এবারই প্রথম অনুভব করলাম, আমি একজন নারী আইনজীবী।’
নিজের বৈবাহিক অবস্থাকে কেন্দ্র করে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, ‘আমি ডিভোর্সি, তাই আমার কোনো ক্যারেক্টার নেই, হোয়াট ডাজ ইট মিন? আমি যাকে ডিভোর্স করেছি, তিনিও তো নিশ্চয়ই একজন মানুষ বা পুরুষ। তাঁর নামের আগে ডিভোর্স কথাটা আসে না কেন? কোনো পুরুষের ডিভোর্স হয়নি? কোনো বিচারক, আইনজীবী কিংবা ক্লায়েন্টের ডিভোর্স হয়নি?’
তিনি আরও বলেন, এসব হয়রানির বিষয়ে বারবার ট্রাইব্যুনালকে জানিয়েছেন। চিফ প্রসিকিউটর ও আইনমন্ত্রীর কাছেও বিষয়টি তুলে ধরেছেন। তাঁর সঙ্গে কেউ ভালো ব্যবহার করলেও তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।
মামলার কয়েকজন সাক্ষীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার কথাও জানান রিজওয়ানা। তাঁর দাবি, তাঁদের একজন প্রকাশ্যে বলেছিলেন, ফজলে করিমের জামিনের চেষ্টা করা হলে চট্টগ্রাম থেকে এসে ট্রাইব্যুনাল গুঁড়িয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি মামলার একজন সাক্ষী এবং রোববারও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
ফজলে করিমের বিচার পর্যবেক্ষণে বিদেশি আইনজীবী
এদিকে, ফজলে করিমের বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) পাঠানো একজন বিদেশি আইনজীবী রোববার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
রিজওয়ানা ইউসুফ বলেন, ১৮৫টি দেশের প্রতিনিধিত্বকারী সংস্থাটির প্রতিনিধি মামলার বিচার নিরপেক্ষ ও যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছেন। ফজলে করিম আইপিইউর মানবাধিকার কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন। সে কারণে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা পর্যবেক্ষণে সংস্থাটি প্রতিনিধি পাঠিয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেই তাঁকে পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ফ্রান্সের আদালতে কর্মরত একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী মিস হেলেন শুধু ফজলে করিমের মামলার কার্যক্রম পর্যবেক্ষণ করতে এসেছেন। রোববার তিনি ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম দেখেন এবং প্রসিকিউশনের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। প্রসিকিউশন তাঁর প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে।
আমিনুল ইসলাম বলেন, ‘আমরা তাঁকে বিষয়গুলো পরিষ্কার করে বুঝিয়েছি। আমার মনে হয়, তিনি কনভিন্সড হয়েছেন।’
মামলায় ২২ আসামি, ছয়জনকে হত্যা ও শতাধিক মানুষকে আহত করার অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এ মামলা করা হয়েছে। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ মোট ২২ জন আসামি।
আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ রয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ, সুমন দে, আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার পাঁচ আসামি হলেন এ বি এম ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে গ্রেপ্তার আসামিরা অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। সেই আবেদন খারিজ হওয়ার পর রোববার থেকে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

