রাজশাহীর আদালত চত্বরে ইয়ামিন আলী নামের এক আইনজীবীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে জমিসংক্রান্ত বিরোধের একটি মামলার আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন উপস্থিত আইনজীবীরা।
রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজশাহী আদালত চত্বরে এ ঘটনা ঘটে। হামলায় ইয়ামিন আলীর মাথা ফেটে যায়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত ভবন থেকে বের হওয়ার পর কয়েকজন ব্যক্তি ইয়ামিন আলীকে ঘিরে ধরেন। এরপর তাঁরা একযোগে তাঁর ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধরে তাঁর মাথা ফেটে যায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন। পরে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত আইনজীবীরা চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আহত ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। জমিসংক্রান্ত বিরোধের মামলাটিতে তিনি বাদী। রোববার ওই মামলার শুনানির দিন ধার্য ছিল।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী বলেন, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কার্যালয়ের সামনে ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা করেন। এতে তিনি রক্তাক্ত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং অভিযুক্ত চারজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম বলেন, মামলা করার কারণে এর আগেও অভিযুক্ত ব্যক্তিরা আদালত চত্বরে ইয়ামিন আলীকে মারধর করেছিলেন। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ সঠিকভাবে তদন্ত না করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। আগের ঘটনার যথাযথ বিচার হলে রোববারের হামলা এড়ানো যেত বলে মনে করেন তিনি।
আহত আইনজীবীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন তাঁর বাঁ হাত ভেঙে দিয়েছিলেন। ওই ঘটনায় তিনি মামলা করেন। রোববার সেই মামলার আসামিরা আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁর জন্য অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা তাঁর ওপর হামলা চালান। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।

