ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া দুজন হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল (২৯) ও সুকুমার হালদার (২৮)।
পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর সন্ধ্যায় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তাঁরা মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন।
এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও উপস্থিত লোকজনের সহায়তায় ফয়সাল ও সুকুমারকে আটক করা হয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় রাজধানীর সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।

