বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর সাবেক স্বামী রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানায় করা ওমর ফারুক শাকিল হত্যাচেষ্টা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম।
আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়।
মমতাজ বেগম ও রমজান আলী মাদবরকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

