নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। তালিকার ১৬ নম্বরে রয়েছে মামলাটি।
মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত ১৭ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করেন।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের করা ১৬টি ফৌজদারি আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।
এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, আলোচিত মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। সেই উদ্যোগের ধারাবাহিকতায় সাত খুন মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
যেভাবে সংঘটিত হয় সাত খুন
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তাঁর চার সহযোগী এবং গাড়িচালককে অপহরণ করা হয়। একই পথে যাওয়ার সময় আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমও অপহৃত হন।
তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম, তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম।
এ ঘটনায় দুটি হত্যা মামলা হয়। নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি মামলা করেন। অন্যদিকে, চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।
বিচারিক আদালতে ২৬ জনের মৃত্যুদণ্ড
দুটি মামলার বিচার একসঙ্গে করে ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। রায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। পেপারবুক প্রস্তুত হওয়ার পর ২০১৭ সালের ২২ মে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। উভয় পক্ষের শুনানি শেষ করতে আদালতের ৩৩ কার্যদিবস লাগে।
হাইকোর্টে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল
২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অপর ৯ আসামির দণ্ডও বহাল রাখেন আদালত।
মৃত্যুদণ্ড বহাল থাকা ১৫ আসামির মধ্যে রয়েছেন নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মুহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানাসহ র্যাবের চাকরিচ্যুত সাবেক ১১ সদস্য।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১১ আসামির মধ্যে রয়েছেন র্যাবের চাকরিচ্যুত সাবেক সিপাহী আসাদুজ্জামান নূর ও সার্জেন্ট এনামুল কবির। এ তালিকায় রয়েছেন নূর হোসেনের সহযোগী মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, ভারতে গ্রেপ্তার সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহান।
অপর ৯ আসামির মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানের ১৭ বছর কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, করপোরাল মোখলেসুর রহমান, ল্যান্স করপোরাল রুহুল আমিন ও সিপাহী নুরুজ্জামানের ১০ বছর করে এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনের সাত বছর করে কারাদণ্ড বহাল থাকে।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি আজ আপিল বিভাগে হওয়ার কথা রয়েছে।

