রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরে সেন্ট্রাল ল’ কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বয়সসীমার বিষয়টি ব্যাখ্যা করে ব্যারিস্টার অসীম বলেন, আইন পাসের পর ৩৫ বছর বয়সের মধ্যে বার কাউন্সিলে নিবন্ধন করতে হবে। একবার নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করলে পরবর্তী পাঁচ বছর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে। ফলে ৩৫ বছর বয়সে নিবন্ধন করলেও ৪০ বছর পর্যন্ত পরীক্ষায় অংশ নিয়ে সনদ পাওয়ার সুযোগ থাকবে।
তিনি বলেন, নতুনদের আইন পেশায় প্রবেশের সুযোগ বাড়াতে এ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। অনেকেই ৫০ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে চাকরি করেন। অবসরের পর তাঁরা আইন পেশায় যুক্ত হতে চাইলে নতুনদের জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে উঠতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে দুই বছর মেয়াদি এলএলবি কোর্সের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন ব্যারিস্টার অসীম। তিনি জানান, ভবিষ্যতে দুই বছর মেয়াদি আইন কোর্স আর থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিষয়টি বার কাউন্সিলের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, দুই বছর মেয়াদি কোর্স তিন বছর করা হলে তার চেয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্স বেশি ভালো হবে। এ কারণে সেন্ট্রাল ল’ কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষকে অনার্স কোর্স চালুর পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি। ভবিষ্যতে দুই বছর মেয়াদি কোর্স বন্ধ হলে শিক্ষার্থীসংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার অসীম বলেন, নিয়ম মেনে আন্তরিকতার সঙ্গে দুই বছর মেয়াদি কোর্স শেষ করতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে অনার্স পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রেও শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সমাজে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে।
কলেজের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও পাঠদানের সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদেরও সেই মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের প্রস্তুত করতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম আরও বাড়াতে হবে।

