রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) আপিলের রায় ঘোষণার সময় আদালত এ সিদ্ধান্ত দেন।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায় পাঠের সময় আদালত জানান, রামিসার ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ মামলায় বিচারিক আদালত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির করা আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে হাইকোর্ট মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন হাফিজুর রহমান খান।

