দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদক সচিব মো. সাইদুর রহমান খান এসব তথ্য জানান। তিনি বলেন, জয়ের নামে যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পেয়েছে কমিশন। এসব সম্পদের বিস্তারিত তথ্য জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পারস্পরিক আইনি সহায়তার আবেদন (এমএলএআর) পাঠানো হয়েছে।
দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলার তদন্ত চলছে। সাতটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায় হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে পরিবারের সদস্যদের নামে থাকা মোট ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে পূর্বাচলে ৬০ কাঠা জমি, বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪০ শতাংশ জমি। এ ছাড়া সংশ্লিষ্ট ১৫ জনের বিরুদ্ধে ইমিগ্রেশন ব্লক দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে জয়ের সম্পদের সন্ধান
দুদক সচিব বলেন, সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের তথ্য পেয়েছে কমিশন। এসব সম্পদের প্রকৃতি ও মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে এমএলএআরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব মামলাকে অগ্রাধিকার দিয়ে পৃথক অনুসন্ধানকারী ও তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কমিশন নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করছে। মামলার সংখ্যা বাড়ানোর চেয়ে আদালতে অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও নথি সংগ্রহে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিদেশে থাকা আসামিদের ফেরানোর উদ্যোগ
বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদক জানিয়েছে, রেড নোটিশ জারির আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়। এর উদ্দেশ্য আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া। তবে তাঁদের কবে দেশে ফেরানো সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি সংস্থাটি।
যুক্তরাজ্যের সংসদ সদস্য ও দেশটির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করার সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে দুদক সচিব বলেন, কমিশন নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করেছে। পরবর্তী পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।
এদিকে, শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুদকে এ পর্যন্ত ১৯টি অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে সাতটি অভিযোগের বিষয়ে মামলা হয়েছে এবং ১২টির অনুসন্ধান বা তদন্ত চলছে।
দুদকের এক কর্মকর্তা জানান, এসব অভিযোগের কয়েকটি থেকে পৃথক মামলা করার সুযোগ রয়েছে। প্রাথমিকভাবে আরও ৩৭টি মামলা করার মতো অভিযোগ চিহ্নিত করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার চূড়ান্ত সংখ্যা বলা সম্ভব নয়। অভিযোগের সত্যতা ও প্রমাণের ভিত্তিতে মামলার সংখ্যা কমবেশি হতে পারে।

