লোভনীয় মুনাফার প্রলোভন দেখিয়ে গড়ে ওঠা দুবাইভিত্তিক অ্যাপ্লিকেশন মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপের (এমটিএফই) মাধ্যমে পাচার হওয়া ৩৬ লাখ ২০ হাজার ডলার উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিন্তু অর্থ উদ্ধারের পরও তদন্ত শেষ করতে পারছে না সংস্থাটি। কারণ, প্রকৃত ভুক্তভোগীদের শনাক্ত করা যাচ্ছে না। আদালতের নির্দেশনা অনুযায়ী, তদন্ত শেষ করার আগে ভুক্তভোগীদের শনাক্ত করে একটি কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতে হবে সিআইডিকে।
তদন্তকারীরা জানান, বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ। ফলে আইনি জটিলতায় পড়ার ভয়ে অনেক দাবিদার নিজের পরিচয় প্রকাশ করতে চাইছেন না। এতে প্রতিবেদন তৈরির কাজ পিছিয়ে যাচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, দ্রুত তদন্ত শেষ করতে চাইলেও প্রকৃত ভুক্তভোগী শনাক্ত করতে তাঁদের বেগ পেতে হচ্ছে।
কয়েক বছর আগে দুবাইভিত্তিক এই প্রতিষ্ঠান শত শত মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছিল। তাদের অ্যাপের মাধ্যমে ৫০০, ৯০০ কিংবা দেড় হাজারসহ বিভিন্ন অঙ্কের মার্কিন ডলার বিনিয়োগের সুযোগ ছিল। প্রলোভনে পড়ে উপজেলা ও গ্রাম পর্যায়ের কয়েক হাজার মানুষের কোটি কোটি টাকা চলে যায় এমটিএফইতে। ২০২৩ সালের আগস্টে প্রতিষ্ঠানটি তাদের স্মার্টফোন অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট বন্ধ করে দেয়।
সিআইডি সূত্র জানায়, প্ল্যাটফর্মটির মাধ্যমে অর্থ হারানোর দাবি করা প্রায় ৩০ জনকে এ পর্যন্ত শনাক্ত করা হয়েছে। অর্থ উদ্ধারের পর তাঁদের মধ্যে ১৫ জনের সঙ্গে কথা বলা হয়েছে। দাবির সত্যতা যাচাইয়ে বাকিদেরও সাক্ষাৎকার নেওয়া হবে। তবে বেশ কয়েকজন দাবিদার বিনিয়োগের সপক্ষে কোনো নথিপত্র দেখাতে পারেননি। কারণ, তাঁরা সরাসরি প্ল্যাটফর্মে অর্থ না পাঠিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে লেনদেন করেছিলেন।
সিআইডির এক কর্মকর্তা বলেন, যাঁরা সরাসরি বাইন্যান্স থেকে এমটিএফইতে বিনিয়োগ করেছেন, তাঁরা লেনদেনের প্রমাণ দিতে পারছেন। কিন্তু কেউ কেউ তৃতীয় পক্ষের মাধ্যমে বিনিয়োগের কথা বলছেন, যার কোনো প্রমাণ তাঁদের কাছে নেই। তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে একজন আরেকজনের বাইন্যান্স অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন এবং সেখান থেকে এমটিএফইতে বিনিয়োগ হয়েছে। প্রথমজন নিজেকে ভুক্তভোগী দাবি করলেও তা প্রমাণ করতে পারছেন না।
উদ্ধার করা অর্থ এখন আদালতের অনুমতি নিয়ে খোলা একটি বিশেষ ব্যাংক হিসাবে অব্যবহৃত অবস্থায় জমা আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই হিসাব থেকে কোনো লেনদেন না করতে ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত। এসআই তারিকুল জানান, সিআইডি আদালতে একটি প্রতিবেদন জমা দিয়ে অর্থ সরকারি তহবিলে জমা দেওয়ার পরিকল্পনা করছে। কেউ নিজেকে ভুক্তভোগী দাবি করে অর্থ ফেরত চাইলে তাঁকে প্রমাণসহ আদালতের শরণাপন্ন হতে হবে। উদ্ধার করা অর্থের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
২০২৬ সালের ২৮ মার্চ এমটিএফই-সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে প্রায় ৩৬ লাখ ২২ হাজার ডলার উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে সিআইডি। এমটিএফইর এক ভুক্তভোগীর করা মামলার তদন্তে কর্মকর্তারা দেখতে পান, ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রদর্শিত ভার্চুয়াল মুদ্রার ব্যালান্স ছিল সম্পূর্ণ কাল্পনিক। বিনিয়োগকারীদের অর্থ প্রথমে এমটিএফই-সংশ্লিষ্ট ওয়ালেটে নেওয়া হতো। পরে তা কেন্দ্রীয় অ্যাকাউন্টে স্থানান্তর করে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওকেএক্সসহ একাধিক ক্রিপ্টো ওয়ালেটে ছড়িয়ে দেওয়া হতো।
একই প্ল্যাটফর্ম থেকে শ্রীলঙ্কার সরকার এমটিএফই-সংশ্লিষ্ট অর্থ উদ্ধার করেছে, এই তথ্য জানার পর সিআইডি ওকেএক্সের সঙ্গে যোগাযোগ করে। ওকেএক্স আনুষ্ঠানিক নথিপত্র চাইলে ঢাকায় মার্কিন দূতাবাস, ইউএস সিক্রেট সার্ভিস, এফবিআই ও মার্কিন বিচার বিভাগের আইসিআইটিএপি কর্মসূচির সহায়তায় অর্থ উদ্ধার সম্ভব হয়। ওকেএক্স-সংশ্লিষ্ট ওয়ালেটের ক্রিপ্টোকারেন্সি সম্পদ ‘অ্যাসেট রিয়েলিটি লিমিটেড’-এ স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠানটি সেগুলো মার্কিন ডলারে রূপান্তর করে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে পাঠায়।
মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) মডেলে পরিচালিত এমটিএফই শুরুতে মানুষের আস্থা অর্জনে বিনিয়োগকারীদের কিছু লভ্যাংশ দিত। ২০২৩ সালের মাঝামাঝি তারা অর্থ উত্তোলন বন্ধ করে দেয় এবং পরে উধাও হয়ে যায়। সিআইডির হিসাব ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রতারণায় সারা দেশের কয়েক হাজার মানুষের কাছ থেকে প্রায় ১১ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
তদন্তকারীরা এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ মাসুদ আলমকে শনাক্ত করেছেন। এসআই তারিকুল জানান, প্রতিষ্ঠানটি গুটিয়ে নেওয়ার পরপরই মাসুদ আত্মগোপনে চলে যান। তবে তিনি জেনেছেন, মাসুদ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং তাঁর পাসপোর্ট ব্লক করা হয়েছে।

