বিচার বিভাগের স্বাধীনতা শুধু আইন বা সাংবিধানিক কাঠামোর ওপর নির্ভর করে না। বিচারকদের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধই এ স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধ দিয়ে পরিচালিত না হন, তাহলে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারিক দায়িত্ব পালনের সময় সব ধরনের চাপ, প্রভাব ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে। এ জন্য আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চাও জরুরি।
বিচারিক সিদ্ধান্ত গ্রহণে আইনের পাশাপাশি মামলার বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনার আহ্বান জানান তিনি। বলেন, প্রচলিত আইন, নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থও দেখতে হবে। এ ক্ষেত্রে বিচারকদের নিজস্ব প্রজ্ঞা ও সুবিবেচনার প্রয়োগ গুরুত্বপূর্ণ। বিচারিক আদালতের সিদ্ধান্ত ও যুক্তি অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশনার ভিত্তি তৈরি করে।
আইনমন্ত্রী আরও বলেন, সমাজের পরিবর্তিত পরিস্থিতি ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো ঘটনার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ন্যায়বিচারের মূল উদ্দেশ্য ও বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট উপেক্ষা করা যাবে না। এ জন্য বিচারকদের আইনি জ্ঞানের পাশাপাশি চিন্তার গভীরতা ও দূরদর্শিতা অর্জন করতে হবে।
বিচারকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের স্বাতন্ত্র্য তুলে ধরে তিনি বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থানের তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।
বিচারকদের নিরাপদ ও স্বাধীন পরিবেশে দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা বা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিচার বিভাগের সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে বলে আশ্বাস দেন মো. আসাদুজ্জামান। একই সঙ্গে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণের কথা জানান তিনি। তাঁর ভাষ্য, ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
নতুন প্রজন্মের বিচারকদের হাত ধরে আগামী দুই দশকে দেশের বিচার বিভাগ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা এবং তা সুদৃঢ় করার দায়িত্ব বিচারকদেরই পালন করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় বিচার বিভাগকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা।

