কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে আইন প্রণয়ন এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। এ দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির মো. রবিউল করিমের পক্ষে ১৬ পৃষ্ঠার নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবকে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে প্রস্তাবিত পদক্ষেপগুলোর বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ২২ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানানো হয়েছে। ওই আবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে।
নোটিশে বলা হয়েছে, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার স্থায়ী আইনি ভিত্তি তৈরি করতে জাতীয় সংসদে আইন করতে হবে। সংসদের অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারির প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন ও সংগঠিত করার জন্য শাস্তি, সম্পদ বাজেয়াপ্ত এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে ৯০ দিনের একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন নোটিশদাতা।
কমিশনকে অর্থায়নের উৎস এবং এ ঘটনায় বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর প্রস্তাবও রয়েছে নোটিশে।
নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় নেওয়া পদক্ষেপ সম্পর্কেও জাতিসংঘকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে ওয়াশিংটনকে অনুরোধ জানানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
নোটিশে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে জেনেশুনে অর্থায়ন, সংগঠন বা সহায়তার অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও বলা হয়েছে।
তবে নোটিশে স্পষ্ট করা হয়েছে, বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশ এবং সরকারের সমালোচনাকে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়নি।

