সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও গুলির ঘটনায় করা পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে নাহিদ ও জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
বুধবার রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও ভাঙচুরের অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগ সিলেটে। বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরা এলাকায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাঁকে আদালতে হাজির করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, নাহিদের পক্ষে কেউ জামিন আবেদন করেননি। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদনও ছিল না। এ কারণে আদালত তাঁকে হাজতি পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হন সাদিকুল। পরদিন ২০ জুলাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় গুলির ঘটনায় করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার রাত আড়াইটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের একটি সরকারি আবাসিক ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের উপপরিদর্শক মো. মুর্শিদুল আলম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পরে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে এক দফা দাবিতে আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁদের ওপর গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে মামলার বাদীর ডান পায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন ও সাংবাদিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল অভিযান চালিয়ে জ্যোতিকে গ্রেপ্তার করে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারের আগে ফেসবুকে একাধিকবার সরাসরি সম্প্রচারে আসেন জ্যোতিকা জ্যোতি। এ সময় তাঁর বাসার সামনে পুলিশ সদস্যদের দেখা যায়। সম্প্রচারে তিনি বলেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে বা তাঁকে কেন আটক করা হচ্ছে, তা তিনি জানেন না। কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি। এ সময় পুলিশকে হাতকড়া না পরানোর অনুরোধ জানান।
সাবেক খতিব রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদন মঞ্জুর করেন।
এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করে ভাটারা থানা-পুলিশ।

