বিচারপ্রার্থীদের জন্য আদালতে পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিটি জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপ্রক্রিয়া দ্রুত ও কার্যকর করার পাশাপাশি আদালতে বিচারপ্রার্থীবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিভাগের ১১ জেলার বিচারিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান।
অভিভাষণে প্রধান বিচারপতি বিচারপ্রক্রিয়ায় গতি আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারকদের দক্ষতা বৃদ্ধি, সময়ের যথাযথ ব্যবহার এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বাণিজ্যিক আদালত ও বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ
বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করতে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে এসব আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে।
বিচারকদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়াতে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে দেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
মামলা ব্যবস্থাপনায় সময়ের যথাযথ ব্যবহার
মামলা ও আদালত ব্যবস্থাপনা কার্যকর করার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মামলা পরিচালনার ওপর জোর দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিচারকদের নিজেদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা তৈরি করতে হবে। শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সত্যায়িত অনুলিপি সরবরাহের ব্যবস্থা নিতে হবে।
এজলাসে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যবহারে সতর্কতা
বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ শুধু এজলাসের মধ্যে সীমাবদ্ধ নয়। আদালতের বাইরেও তাঁর আচরণে পেশাগত মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকা প্রয়োজন।
বিশেষ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিচারকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার পরামর্শ দেন তিনি। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনাও দেন।
রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর না করার নির্দেশ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, প্রয়োজনীয় তথ্য ও আইনি সূত্র অনুসন্ধানে বিচারকরা এআই ব্যবহার করতে পারবেন। তবে রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এর ওপর নির্ভর করা যাবে না। রায়ের কার্যকরী অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্তে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।
বিচারিক সিদ্ধান্তে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। তবে মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করতে হবে।
আইনজীবীদের অযথা সময়ক্ষেপণ না করার পরামর্শ
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, শুনানিতে অকারণে দীর্ঘ সময় নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা উচিত। সময় মঞ্জুর করাকে নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না।
তিনি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান। এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে।
অনুষ্ঠানে অধস্তন আদালত মনিটরিং কমিটি চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এস এম কুদ্দুস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন বক্তব্য দেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা ও পেশাগত প্রত্যাশা তুলে ধরেন। তাঁদের মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর পারিবারিক আপিল আদালতের বিচারক, রাঙামাটি, নোয়াখালী ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ ছিলেন।
বক্তারা বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করা, মামলা নিষ্পত্তিতে গতি আনা, বিচারকদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন।

