ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী আনা প্রধান। স্বামীর মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে মানবিক আবেদন জানিয়েছেন তিনি।
আবেদনে আনা প্রধান অভিযোগ করেন, যেসব মামলায় বর্তমানে সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেগুলোর এজাহারে তাঁর নাম নেই। একটি মামলায় জামিনের প্রক্রিয়া এগোলে অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। একই মামলায় আওয়ামী লীগের অন্য নেতা-কর্মীরা জামিন পেলেও তাঁর স্বামী সেই সুযোগ পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।
আনা প্রধান রাশিয়ার নাগরিক। তাঁর স্বামী জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ী সেলিম প্রধান। আবেদনে তিনি স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নিরপেক্ষ বিচার এবং আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
আবেদনে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরের একটি ঘটনার উল্লেখ করেন আনা প্রধান। তাঁর ভাষ্য, ওই দিন থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে তাঁর স্বামীকে নামিয়ে নেওয়া হয়। পরে তাঁকে ক্যাসিনোর গডফাদার হিসেবে পরিচয় করিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হয়।
আনা প্রধানের দাবি, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পরিকল্পিতভাবে সেলিম প্রধানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল। এতে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়।
তিনি আরও অভিযোগ করেন, ওই সময় সেলিম প্রধানকে রিমান্ডে নিয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছিল। তবে তাঁর দাবি, সেলিম প্রধান কখনো ক্যাসিনো বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। এসব ঘটনার পর তাঁকে চার বছরের বেশি সময় কারাগারে থাকতে হয়েছে। এতে তাঁদের পারিবারিক জীবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।
আবেদনে আনা প্রধান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর স্বামী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সেলিম প্রধান সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে দাবি করেন তিনি। কিন্তু বর্তমানে তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নতুন নতুন মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।
সেলিম প্রধানের বিদেশে থাকার সুযোগ থাকলেও বাংলাদেশকে ভালোবেসে এবং দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি দেশে ফিরেছিলেন বলে আবেদনে উল্লেখ করেছেন আনা প্রধান। তাঁর ভাষ্য, স্বামী সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন এবং বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন।
আবেদনে পরিবারের পরিস্থিতির কথাও তুলে ধরেছেন তিনি। আনা প্রধান জানান, তাঁদের তিন সন্তান প্রতিদিন বাবার ফিরে আসার অপেক্ষা করে। তারা বারবার জানতে চায়, বাবা কবে বাড়ি ফিরবেন। কিন্তু সন্তানদের সেই প্রশ্নের উত্তর দিতে পারছেন না তিনি।
আনা প্রধান বলেন, তিনি বাংলাদেশের বিচারব্যবস্থা, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। স্বামীর বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর নিরপেক্ষ ও ন্যায়সংগত বিচার চান তিনি। তবে আদালতে জামিনের প্রক্রিয়া চলার মধ্যেই একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে সেলিম প্রধানের ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তাঁর আবেদন, সেলিম প্রধানের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তাঁর মৌলিক অধিকার, ন্যায়বিচার ও আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।

