ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর আইনি বাধা থাকছে না।
সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে করা আবেদন নিষ্পত্তি করেছেন আদালত।
আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল বিভাগ ভর্তি পরীক্ষার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করে আবেদন নিষ্পত্তি করেছেন। ফলে ৩১ ডিসেম্বরের আগে পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই।
এর আগে গত বুধবার এক অন্তর্বর্তীকালীন আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট।
ওই আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত সেদিন হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
চেম্বার আদালতে শুনানির পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছিলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় নিজেদের বিধি অনুযায়ী ভর্তি পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম চালিয়ে নিতে চায়। এতে শিক্ষাবর্ষের সময়সূচি ঠিক রাখা এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকানো সম্ভব হবে।
তিনি আরও বলেছিলেন, মেধাবী শিক্ষার্থীদের কেন অপেক্ষা করতে হবে, সে বিষয়টি আবেদনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি রিট আবেদনকারীর আবেদন করার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিল রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, রিট আবেদনকারী নিজে পরীক্ষার্থী নন, এমনকি কোনো পরীক্ষার্থীর মাও নন। তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টিও আদালতে তুলে ধরা হয়েছিল।
যে প্রেক্ষাপটে রিট
গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক হয়। বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়।
ইউজিসির আহ্বানে কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু করার সিদ্ধান্তে অটল থাকে।
এরপর ইউজিসির সিদ্ধান্ত অনুসরণ না করার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ভর্তি পরীক্ষা স্থগিত রাখার আদেশ দেন।
ভর্তি পরীক্ষা পেছানোর দাবির পেছনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল এবং পুনর্নিরীক্ষা ও সম্পূরক পরীক্ষার বিষয়টিও আলোচনায় আসে। গত ৩১ অক্টোবর প্রকাশিত ফল অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাঁদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এ ছাড়া কাঙ্ক্ষিত ফল না পেয়ে ৮ নভেম্বর পর্যন্ত ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি পত্রের খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেন। পুনর্নিরীক্ষা ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

