সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করেই আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার সুযোগ রয়েছে বলে মনে করছেন সংবিধান ও আইন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এ জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমেও নিষিদ্ধকরণ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে।
সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজন হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকার ও বিরোধী দল একসঙ্গে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারে।
তবে দলটিকে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধন জরুরি নয় বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ মাহফুজুর রহমান মিলন। তাঁর মতে, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষমতা সংবিধানে নির্দিষ্ট করে উল্লেখ থাকার প্রয়োজন নেই। প্রচলিত আইনের মাধ্যমেই এ ব্যবস্থা নেওয়া সম্ভব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রেও আইন প্রয়োগ করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ করার পাশাপাশি এর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব।
তিনি বলেন, নতুন আইন প্রণয়ন করলে এ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। এর পরিবর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে দলটির কার্যক্রম নিষিদ্ধের অন্তর্বর্তীকালীন আদেশ নেওয়া যেতে পারে। তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়া সম্ভব। তাঁর মতে, আইনি ও রাজনৈতিক বিবেচনায় এটিই তুলনামূলক বাস্তবসম্মত পথ।
সংগঠন করার সাংবিধানিক অধিকার
সংবিধানের ৩৮ অনুচ্ছেদে নাগরিকদের সংগঠন বা সমিতি গঠনের অধিকার দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে ওই দলের কর্মী ও সমর্থকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে কি না, এমন প্রশ্নও উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, এই অধিকার নিরঙ্কুশ নয়। জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ সংবিধানেই রাখা হয়েছে।
তাজুল ইসলাম বলেন, সংবিধানের ৩৮ অনুচ্ছেদে রাজনৈতিক দল গঠনের অধিকার দেওয়া হলেও তা শর্তসাপেক্ষ। কোনো সংগঠন রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে না। তাঁর মতে, আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
মাহফুজুর রহমান মিলনও বলেন, সংবিধানের ৩৮ অনুচ্ছেদে সংগঠন করার স্বাধীনতার ক্ষেত্রে জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক নজির
রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানি ও ইতালির উদাহরণও আলোচনায় এসেছে। ১৯৪৫ সালে মিত্রশক্তির কন্ট্রোল কাউন্সিলের আইনের মাধ্যমে জার্মানির নাৎসি পার্টি ও এর সহযোগী সংগঠনগুলো বিলুপ্ত করা হয়। অন্যদিকে, ইতালির সংবিধানের দ্বাদশ অন্তর্বর্তী বিধানে ফ্যাসিস্ট পার্টির পুনর্গঠন নিষিদ্ধ করা হয়েছে।

