সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, এই কমিটি সংস্কার, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন নাহিদ।
তিনি বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক কর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতারা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
নাহিদ বলেন, আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী ও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত থেকে আট মাসে আইনশৃঙ্খলার অবনতি, আওয়ামী লীগের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের অভাব এবং ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থান স্পষ্ট না করার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।
সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
নাহিদ ইসলাম বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই গণঅভ্যুত্থান, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্ব। ঐক্যের আলোচনায় সংস্কারকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এজেন্ডা হিসেবে রাখার প্রস্তাব দিয়েছে এনসিপি।
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, একদলীয় এই কমিটি সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। গণভোটের ফলাফলের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেও দাবি জানান তিনি।
নাহিদের ভাষ্য, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। এতে দেশের অর্থনৈতিক বিনিয়োগও বাধাগ্রস্ত হতে পারে। তাই সংস্কার এখন অত্যন্ত জরুরি।
গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাইল এনসিপি
বৈঠকে ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। এ বিষয়ে কোনো আপস না করার পরামর্শও দেওয়া হয়েছে।
এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নাহিদ অভিযোগ করেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে। তাঁর মতে, বিষয়টি এখন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভূরাজনৈতিক মাত্রা পেয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও সংখ্যালঘু প্রসঙ্গ
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেছে এনসিপি। নাহিদ বলেন, তাঁদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে।
ভারতের সীমান্তসংলগ্ন এলাকায় বাংলাদেশবিরোধী সমাবেশ এবং সেখানে আওয়ামী লীগের পলাতক নেতাদের অংশগ্রহণের বিষয়েও উদ্বেগ জানান তিনি। তাঁর অভিযোগ, বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে আন্তর্জাতিক পরিসরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা চলছে।
নাহিদ দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি নির্যাতন ও সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সরকারের অতীতের কিছু ভুলের দায়ও রয়েছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ভারতে মুসলিম ও দলিত সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁদের দাবির বিষয়ে কী প্রতিক্রিয়া জানিয়েছেন, জানতে চাইলে নাহিদ বলেন, সরকার বিষয়গুলো বিবেচনা করতে এবং আলোচনা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠক নিয়ে সন্তুষ্টির বিষয়ে তিনি বলেন, আলোচনা থেকে বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না, তার ওপরই সন্তুষ্টি নির্ভর করবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে এনসিপি নিজস্ব অবস্থান থেকে লড়াই চালিয়ে যাবে। এ লক্ষ্য পূরণে সরকারসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে উঠলে তাঁরা তাতে থাকবেন। তবে সরকারের ওপর নির্ভর করে এনসিপি তার রাজনৈতিক লড়াই চালাবে না বলেও জানান তিনি।

