অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা, সময়মতো এজলাসে বিচারকাজ শুরু করা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। নির্ধারিত বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার নিশ্চিত করতেও বলা হয়েছে।
এসব নির্দেশনা অমান্য করলে তা দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়। সার্কুলার নম্বর ০৫/২০২৬। প্রধান বিচারপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন।
কর্মস্থল ত্যাগ ও এজলাসে বিলম্ব নিয়ে উদ্বেগ
সার্কুলারে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি, এজলাসের নির্ধারিত সময়ের সর্বোচ্চ ব্যবহার এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে হাইকোর্ট বিভাগ আগেও একাধিকবার নির্দেশনা দিয়েছিল।
তবে সম্প্রতি হাইকোর্ট বিভাগের নজরে এসেছে, জেলা ও দায়রা জজ, জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অধস্তন আদালতের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন।
সার্কুলারে আরও বলা হয়েছে, কেউ কেউ সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই একাধিকবার কর্মস্থল ছাড়ছেন। অনেক কর্মকর্তা নির্ধারিত সময়ে এজলাসে বিচারকাজ শুরু করছেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে আদালতের স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলাও ব্যাহত হচ্ছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
পাঁচটি নির্দেশনা মানতে হবে
বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচারিক কার্যক্রমে গতি আনতে কর্মঘণ্টার যথাযথ ব্যবহার জরুরি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।
১. প্রত্যেক কর্মদিবসে নিজ নিজ কর্মস্থলে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে।
২. যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করা যাবে না।
৩. সপ্তাহান্তের ছুটি শেষে পরবর্তী কার্যদিবসে সময়মতো কর্মস্থলে যোগ দিতে হবে।
৪. নির্ধারিত সময় অনুযায়ী এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে।
৫. এজলাসের নির্ধারিত সময়ের পূর্ণ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে বিচারিক কার্যক্রম শেষ করা যাবে না।
নির্দেশনা অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা
সার্কুলারে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য বা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণের অভিযোগ বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সার্কুলার হাইকোর্ট বিভাগের আগে জারি করা এ-সংক্রান্ত অন্যান্য সার্কুলারের পরিপূরক হিসেবে গণ্য হবে। তবে আগের কোনো সার্কুলারের নির্দেশনার সঙ্গে নতুন নির্দেশনার অসামঞ্জস্য থাকলে নতুন সার্কুলারের বিধান কার্যকর হবে।

