বিরোধী রাজনৈতিক দল ও মত দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গুম ও হত্যার শতাধিক ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও তাঁর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান একের পর এক অপরাধ করেছেন বলে সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে। এমনকি তৎকালীন সেনাপ্রধানও তাঁকে নিয়ন্ত্রণ করতে পারতেন না বলে সাক্ষ্যে উল্লেখ করা হয়েছে।
আমিনুল ইসলাম জানান, জিয়াউল আহসানের সহযোগী কমান্ডার সোহেল কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে নৌকায় চরদুয়ানীসহ বিভিন্ন অভিযানে যেতেন। ওই সাংবাদিকেরা ফিরে এসে নিজেদের মতো করে সংবাদ প্রকাশ করতেন এবং প্রকৃত ঘটনা আড়াল করতেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির ও মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সাক্ষীদের বক্তব্যের কথাও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।
১১৫ জনের বেশি হত্যার অভিযোগ
জিয়াউল আহসানের বিরুদ্ধে সরাসরি ১১৫ জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ রয়েছে বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে পাওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যার ঘটনা ঘটেছে বলে মনে হয়েছে। তবে তাঁদের মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। সাক্ষীরা জিয়াউল আহসানের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিবরণ দিয়েছেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, এত অভিযোগের পরও জিয়াউল আহসান বারবার পদোন্নতি পেয়েছেন এবং মেজর জেনারেল হয়েছেন। তিনি দীর্ঘদিন র্যাবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দল দমনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
আমিনুল ইসলামের ভাষ্য, তৎকালীন সেনাপ্রধান নিজেও সাক্ষ্যে বলেছেন, জিয়াউল আহসান তাঁর নিয়ন্ত্রণে ছিলেন না। বিরোধী দল দমন-পীড়নে তিনি শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন। এ ছাড়া তিনি ‘ডিপ টেস্ট’ নামের একটি দলের অন্যতম সদস্য হিসেবেও পরিচিত ছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর।
গুমের ঘটনায় ট্রাইব্যুনালে প্রথম যুক্তিতর্ক
মামলার গুরুত্ব তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের মামলার মধ্য দিয়ে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, এ মামলায় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ। কারণ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই এসব বিষয়ে প্রত্যক্ষভাবে জানতেন। এ কারণে তাঁদের কয়েকজনকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। অপরাধে সহযোগীদের সাক্ষী করার বিধান দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় রয়েছে।
তবে জিয়াউল আহসানের বিরুদ্ধে এসব অভিযোগ এখনো বিচারাধীন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে উপস্থাপিত বক্তব্য ও সাক্ষীদের বর্ণনার ভিত্তিতে ট্রাইব্যুনাল মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

