গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন থাকতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরে। বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকসংকটের কারণে মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়ার বিষয়টি রাষ্ট্রপতির নজরে আনে তারা।
জবাবে রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতারা আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীদের ভূমিকার স্মরণ
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আইনজীবীদের সহযোগিতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন।
জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার সুযোগ তৈরি হয়েছে।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাজীবন ও গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, গণতন্ত্র এক দিনের বিষয় নয়। এটি ধারাবাহিকভাবে চর্চা ও সুরক্ষা করতে হয়। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্ব
রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁদের সক্রিয় থাকতে হবে।
হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে খালেদা জিয়ার অবস্থানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই চেষ্টা সফল হওয়ার সুযোগ নেই।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।

