জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ৭ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বুধবার মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন নিহতের মা ও মামলার বাদী রীনা বেগমসহ চারজন সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন। তবে নিরাপত্তাজনিত কারণে কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।
এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট হোসেনের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গত ২৬ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এ ছাড়া আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টুসহ কয়েকজন আসামি পলাতক রয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ১০ জন কারাগারে আছেন।
মামলাটি এখন সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। অভিযোগপত্রে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁদের নির্দোষ বলে গণ্য করার আইনি অধিকার রয়েছে।

