শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, যুক্তিতর্কে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ট্রাইব্যুনালের নজির তুলে ধরে আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্য ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানানো হবে।
যুক্তিতর্কের প্রস্তুতি হিসেবে মামলার সব নথি ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করেছেন বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধের বিচারে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং অন্যান্য দেশের বিচারব্যবস্থায় প্রতিষ্ঠিত নজিরগুলোও আদালতে তুলে ধরবেন।
ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক দক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়, সেগুলোর জবাবও বিভিন্ন দেশের আদালত ও আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের আলোকে দেওয়ার কথা জানান অ্যাটর্নি জেনারেল।
এর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও মিজানুল ইসলাম যেসব যুক্তি তুলে ধরেছেন, সেগুলোর পুনরাবৃত্তি এড়িয়ে নিজের বক্তব্য উপস্থাপন করবেন বলে জানান রুহুল কুদ্দুস কাজল। তাঁর যুক্তিতর্ক মূলত আইনভিত্তিক হবে। তবে প্রয়োজন অনুযায়ী সাক্ষীদের বক্তব্য ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও তুলে ধরবেন। নির্ধারিত সময়ের মধ্যেই যুক্তিতর্ক শেষ করার চেষ্টা করবেন বলে জানান তিনি।
জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা চাওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলে রাষ্ট্রপক্ষ সেটিই চাইবে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান আগেই জানানো হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচারকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের মামলায় ট্রাইব্যুনাল ইতিমধ্যে রায় দিয়েছেন। তবে গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিচার আলাদা গুরুত্ব বহন করে।
গুমের মতো পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হলে তা নতুন নজির হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।
মামলাটি বিচারাধীন। জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল।

