আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক মানুষকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার। নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি শুনানিতে যুক্ত হন।
যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা সব অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করার আবেদন করেন। তিনি বলেন, এত মানুষের প্রাণহানি ও তাঁদের পরিবারের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ডও সামান্য শাস্তি। তাঁর ভাষায়, জিয়াউলের অপরাধ সমুদ্রসমান হলেও বিচারব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আইন একজন ব্যক্তিকে একবারের বেশি সর্বোচ্চ সাজা দেওয়ার সুযোগ দেয় না। তাই আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি প্রয়োগের আবেদন জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড কার্যকর এবং তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন করেন। যুক্তিতর্কে তিনি জিয়াউলকে নৃশংস খুনি, সিরিয়াল কিলার ও মানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন। এগুলো রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য।
এর আগে গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন। পরে তাঁকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আবেদনে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়।
জিয়াউলের বিরুদ্ধে তিন অভিযোগ
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সড়কের পাশে সজলসহ তিনজনকে হত্যার ঘটনা নিয়ে। রাষ্ট্রপক্ষের দাবি, ওই হত্যাকাণ্ডের সময় জিয়াউল সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে।
তৃতীয় অভিযোগেও একই সময়ে আরও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন। অভিযোগ অনুযায়ী, বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলাসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের নামে মাসুদসহ এসব মানুষকে হত্যা করা হয়।
গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশন জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগসংবলিত ফরমাল চার্জ দাখিল করে। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নেন। পরে ২৩ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলাটিতে এখনো বিচারিক কার্যক্রম চলছে, রাষ্ট্রপক্ষের অভিযোগ ও মৃত্যুদণ্ডের আবেদন এখনো ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আসামিপক্ষের যুক্তিতর্ক এবং মামলার সব নথি পর্যালোচনা করে আদালত রায় দেবেন।

