রাজধানীর ধানমন্ডিতে আনাম র্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে প্রায় ৩৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, হীরা ও নগদ অর্থ চুরির মামলায় গ্রেপ্তার তিন আসামিকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন গোলাম সারোয়ার, মো. আমিনুর রহমান ও রিজওয়ানুল ইসলাম নাহিদ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল হক তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি বলেন, প্রাথমিক তদন্তে চুরির ঘটনায় গ্রেপ্তার তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে।
চুরির রহস্য উদ্ঘাটন, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া পলাতক অন্যদের পরিচয় ও অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্যও তাঁদের রিমান্ড চাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজার নিচতলার ২১ ও ২২ নম্বর দোকানে পূরবী জুয়েলার্সের শোরুম। গত ২৭ নভেম্বর রাত ৮টার দিকে নিয়মিত কার্যক্রম শেষে শোরুম বন্ধ করে মালিক ও কর্মচারীরা বাসায় চলে যান।
পরদিন ২৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দোকানের কর্মচারী সনজিদ শীল মোবাইল ফোনে মালিক অমিত ঘোষকে জানান, শোরুমের শাটার ও কলাপসিবল গেটের ১০টি তালা কাটা অবস্থায় রয়েছে। ভেতরের কাচের দরজাও ভাঙা। স্বর্ণালংকার ও হীরার গয়নার বাক্সগুলো মেঝেতে এলোমেলোভাবে পড়ে ছিল।
এজাহার ও রিমান্ড আবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ২৮ নভেম্বর রাত আনুমানিক ১টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দোকানের তালা কেটে ও কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিপুল পরিমাণ অলংকার ও নগদ অর্থ নিয়ে যায়।
এ ঘটনায় ২৮ নভেম্বর ধানমন্ডি মডেল থানায় মামলা করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত চলছে।

