আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আসামিপক্ষ অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরে সময় নষ্ট করছে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।
রোববার (২৯ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ অভিযোগ করেন। এদিন শতাধিক গুম ও হত্যার ঘটনায় করা মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন তাঁর আইনজীবী নাজনীন নাহার।
গাজী এমএইচ তামিম বলেন, মামলার মূল বিচার্য বিষয় নিয়ে বক্তব্য না দিয়ে আসামিপক্ষ বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরছে। তাঁদের মামলায় বলার মতো তেমন কিছু না থাকায় এমনটি করা হচ্ছে বলে মনে করছে প্রসিকিউশন।
তিনি জানান, যুক্তিতর্ক শুরুর আগে আসামিপক্ষ ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছিল। এ জন্য তারা বিভিন্ন কারণ দেখায়। প্রসিকিউশন সময় চাওয়ার আবেদনের বিরোধিতা করলে শেষ পর্যন্ত আসামিপক্ষ যুক্তিতর্ক শুরু করে।
প্রসিকিউটর বলেন, যুক্তিতর্কের শুরুতে আসামিপক্ষ জিয়াউল আহসানের ২০০৭ সালে তৈরি সার্ভিস রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ওই নথি পড়া হয়। এ সময় মামলার অভিযোগ বা সেসব অভিযোগের পক্ষে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
তামিম বলেন, চিফ প্রসিকিউটর যুক্তিতর্ক শুরু করেছিলেন সাক্ষীদের জবানবন্দি পড়ে। কারণ, মামলায় কী অভিযোগ আনা হয়েছে এবং প্রসিকিউশন কী প্রমাণ করতে পেরেছে, তা তুলে ধরা জরুরি। সাক্ষীদের জবানবন্দিই এ মামলার মূল বিষয়। সেগুলোর ভিত্তিতেই ট্রাইব্যুনাল বিচার করবেন। গণমাধ্যমে বা প্রকাশ্যে কী ঘটেছে, তা এ মামলার বিচার্য বিষয় নয়।
আসামিপক্ষের সময়ক্ষেপণের অভিযোগ তুলে তিনি বলেন, সকাল থেকে যুক্তিতর্ক শুরু হলেও তারা মামলার মূল বিষয়ে প্রবেশ করতে পারেনি। সময় চাওয়ার জন্য দুজন আইনজীবী দাঁড়িয়েছেন। বিচারপ্রক্রিয়ার বাইরের বিভিন্ন ঘটনা তুলে ধরে সময় নষ্ট করা হয়েছে। ট্রাইব্যুনাল বিষয়টি বুঝতে পেরেছেন এবং এ বিষয়ে জবাবও দিয়েছেন।
আসামিপক্ষ পর্যাপ্ত সময় পায়নি, এমন দাবিও নাকচ করেন এই প্রসিকিউটর। তাঁর ভাষ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণ শেষ করতে ট্রাইব্যুনালকে ৭৩টি আদেশ দিতে হয়েছে। এর মধ্যে আসামিপক্ষ প্রায় ৬৭ থেকে ৬৮টি কর্মদিবস পেয়েছে। ১৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য প্রায় ৭০ দিন সময় দেওয়া হয়েছিল।
তামিম বলেন, ১১ মাসে মাত্র ১৫ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। একই সময়ে প্রসিকিউশন ট্রাইব্যুনালের অন্য মামলাগুলোতেও অনেক সাক্ষী উপস্থাপন করেছে। তাঁর দাবি, কোনো মামলাতেই আসামিপক্ষকে এর চেয়ে বেশি সময় দেওয়া হয়নি।
আসামিপক্ষের সময় না পাওয়ার অভিযোগকে সম্পূর্ণ অসত্য দাবি করে তিনি বলেন, ট্রাইব্যুনালের আদেশ ও অর্ডার শিট বিশ্লেষণ করে আসামিপক্ষ কত সময় পেয়েছে এবং কত সময় নষ্ট করেছে, তা নথিপত্রের মাধ্যমে দেখিয়েছে প্রসিকিউশন।
কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত থাকবেন বলে আসামিপক্ষ সময় চেয়েছিল উল্লেখ করে তামিম বলেন, ওই আইনজীবীরা পুরো বিচারপ্রক্রিয়ায় উপস্থিত ছিলেন না এবং মামলার কার্যক্রমেও অংশ নেননি। এখন তাঁদের উপস্থিতির কথা বলে সময় চাওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, আসামিপক্ষের যুক্তিতর্কের মূল উদ্দেশ্য সময়ক্ষেপণ করা।
তবে এগুলো প্রসিকিউশনের বক্তব্য ও অভিযোগ। মামলার যুক্তিতর্ক শুনে আসামিপক্ষের বক্তব্যসহ সব বিষয় বিবেচনা করবেন ট্রাইব্যুনাল।

