রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক
বরিশালের বানারীপাড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রঞ্জন মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনজিও ব্যবসার আড়ালে সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন মজুমদারের বিরুদ্ধে চেক জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে পৃথক পাঁচটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে। তিনি হরেন্দ্রনাথ মজুমদারের ছেলে।
অভিযোগ রয়েছে, “সেবা কল্যাণ সঞ্চয় ঋণদান সমিতি” নামের একটি এনজিওর মাধ্যমে তিনি সাধারণ মানুষকে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা সংগ্রহ করেন। পরে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে তার গ্রেফতার ও আত্মসাৎ হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
সিভি/এম

