রাহাদ সুমন, বরিশাল ব্যুরো—
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার জমি জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে তাঁর চাচার বিরুদ্ধে।
ঘটনাটি গৌরনদী বাসস্ট্যান্ড-সংলগ্ন দক্ষিণ বিজয়পুর এলাকায়।
কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম খান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় না থাকার সুযোগে তাঁর সম্পর্কে চাচা মুকুল খান নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে তাঁদের ৯ শতক জমি দখল করে দোকানঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, এ সময় তাঁর মা বাধা দিতে গেলে তাঁকে লাঞ্ছিত করা হয়।
সাদ্দাম খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও মুকুল খান তৎকালীন সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন এবং তাঁদের পরিবারের ওপর প্রভাব বিস্তার করেন।
তিনি দাবি করেন, সে সময় জমি দখল করতে না পারলেও বিএনপি সরকার গঠনের পর মুকুল খান আবার নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে তাঁদের জমি দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজেদের জমি রক্ষায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মুকুল খানের ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

