জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলার অন্য আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
প্রসিকিউশন জানায়, আবুল হাসানকে এর আগেই ট্রাইব্যুনালের অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। অন্যদিকে কাজী মনিরুল ইসলাম, হারুনুর রশিদ মুন্না ও শফিকুল ইসলাম খান বিভিন্ন থানায় দায়ের হওয়া পৃথক মামলায় আগে থেকেই আটক ছিলেন। সোমবার তাঁদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে এই মামলাতেও গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদের ভাষ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত সহিংসতায় ১৮ জুলাই আটজন এবং ২০ জুলাই আরও নয়জন নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়েছে।
এই মামলায় তদন্ত ও বিচারিক কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

