ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুদক বলছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন আসাদুল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পরিকল্পিতভাবে ‘ফাঁদ অভিযান’ চালায় দুদক। অভিযানের একপর্যায়ে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। এই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। কিন্তু প্রায় ছয় মাসেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি। এ সময় তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল। বিষয়টি মনিরুল দুদককে জানান। দুদক ঘুষ দাবির এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে ‘ফাঁদ অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরপর সংস্থাটির একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুলকে হাতেনাতে আটক করে।
দুদক জানিয়েছে, এ ঘটনায় আসাদুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

