চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা ক্রিমের ওজন ৪০ কেজি, আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা। আজ শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব ক্রিম জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা মোহাম্মদ জাহেদ নামের এক যাত্রীর ব্যাগ স্ক্যান ও তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানায়, এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধানের লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ধরনের পণ্যের অবৈধ আমদানি ও বাজারজাতকরণ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ ক্ষতিকর প্রসাধনসামগ্রীর অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, নিষিদ্ধ ও মানহীন প্রসাধনীতে অনেক সময় ক্ষতিকর রাসায়নিক থাকে, যা ত্বকের ক্ষতি করতে পারে। ফলে বিমানবন্দরে এ ধরনের নজরদারি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জব্দ ক্রিম কোথায় বিক্রি করার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

