বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাপড়ের অপব্যবহার এবং রপ্তানি চালানে পণ্যের তথ্যের অসংগতির অভিযোগে দুই পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম শনাক্ত করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রতিষ্ঠান দুটি হলো সাভারের ইগল টেক্সটাইলস এবং রিয়াজ নিটওয়্যার লিমিটেড। পৃথক দুটি চালান পরীক্ষা করে বন্ড সুবিধার অপব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট দেড় কোটি টাকার বেশি রাজস্বের বিষয়টি সামনে এসেছে। প্রথম ঘটনায় এর বাইরে প্রায় ৯ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির তথ্যও পেয়েছেন কর্মকর্তারা।
কাস্টমস সূত্র জানায়, গত ১১ নভেম্বর চট্টগ্রামের কিউএনএস কনটেইনার সার্ভিস লিমিটেডের অফডকে ইগল টেক্সটাইলসের একটি রপ্তানি চালান শতভাগ পরীক্ষা করা হয়। চালানটিতে ২৩৭ কার্টনে চার ধরনের পোশাক থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষায় ২৩৭টি বস্তায় ১৪ ধরনের পোশাকের মোট ১ লাখ ৭৩ হাজার ৩৪৯টি পিস পাওয়া যায়, যা রপ্তানি ঘোষণার সঙ্গে মিলছিল না। এ ছাড়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) দেওয়া ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) উল্লেখিত কাপড়ের গঠনের সঙ্গেও পরীক্ষায় পাওয়া পণ্যের অসংগতি দেখা যায়। এ ঘটনায় বন্ড সুবিধায় আমদানি করা কাপড়ের সংশ্লিষ্ট রাজস্ব ৮০ লাখ টাকার বেশি বলে প্রাথমিকভাবে হিসাব করেছে কাস্টমস। পাশাপাশি স্থানীয়ভাবে সংগৃহীত তৈরি পোশাকের ওপর প্রায় ৯ লাখ টাকার মূসক ফাঁকির তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২৮ অক্টোবর শাফি মোটরস লিমিটেডের অফডকে রিয়াজ নিটওয়্যার লিমিটেডের একটি রপ্তানি চালান পরীক্ষা করা হয়। ওই চালানে ৬৮৭ কার্টনে পুরুষদের পোলো শার্ট পাঠানোর ঘোষণা ছিল। কিন্তু বাস্তবে পরীক্ষায় নিট ও ডেনিম কাপড়ে তৈরি ৫০ ধরনের পোশাক পাওয়া যায়। পাশাপাশি ইউডিতে উল্লেখ থাকা ৯৬ শতাংশ পলিয়েস্টার ও ৪ শতাংশ স্প্যানডেক্স কাপড়ে তৈরি ৬৫ হাজার ৫০টি পোশাকও চালানে পাওয়া যায়নি। এ ঘটনায় বন্ড সুবিধার অপব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট রাজস্বের পরিমাণ ৭০ লাখ টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস।
বন্ড সুবিধার আওতায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান নির্দিষ্ট শর্তে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ পায়। এসব কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ব্যবহারের কথা। তাই আমদানি করা কাপড়ের ব্যবহার, উৎপাদিত পণ্য এবং রপ্তানি ঘোষণার মধ্যে অসংগতি থাকলে রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউস জানিয়েছে, দুই ঘটনার চূড়ান্ত প্রতিবেদন তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে। সরকারি রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

