বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও পরিবহন সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার অনুদানপ্রাপ্ত নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির জন্য দক্ষিণ কোরিয়া সরকার তিন দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দেবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি ১২ লাখ টাকার সমান। বাংলাদেশ রেলওয়ে এটি বাস্তবায়ন করবে, যা রেলপথ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে। ‘বাংলাদেশে রোলিং স্টক পরিচালনা ও ব্যবস্থাপনার উন্নত প্রকল্প’ শীর্ষক এই চুক্তিতে রেকর্ড অব ডিসকাশন এবং টার্মস অব রেফারেন্স স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উন্নত অবকাঠামো ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রেলওয়ের নিরাপত্তা জোরদার করা এবং যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানো প্রকল্পটির মূল লক্ষ্য।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি এবং এফঅ্যান্ডএফ) মিরানা মাহরুখ। দক্ষিণ কোরিয়ার পক্ষে স্বাক্ষর করেন ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী সিওক-গি কিম।

