বিশ্ব ক্রিকেটে সবচেয়ে ধনী বোর্ড হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের মাধ্যমে প্রতি বছর বিপুল অঙ্কের আয় করে সংস্থাটি। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়ের বড় অংশও বিসিসিআইয়ের অংশে যায়।
এত বিশাল আয়ের পরও বিসিসিআইয়ের প্রকৃত সম্পদের পরিমাণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের কৌতূহল দীর্ঘদিনের। তবে বোর্ডটি সরাসরি নির্দিষ্ট অঙ্ক প্রকাশ না করলেও সম্প্রতি এ বিষয়ে আলোচনায় নতুন তথ্য তুলে ধরেছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি।
‘দ্য ওভারল্যাপ ক্রিকেট এক্সক্লুসিভ’-এ তিনি বিসিসিআইয়ের আর্থিক অবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের এক প্রশ্নের জবাবে বলেন, বোর্ডটির হাতে বিপুল অর্থ রয়েছে।
ললিত মোদির ভাষায়, “ওদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে। প্রায় ১০ বিলিয়ন ডলার বা তারও বেশি। আমার মতে, বিসিসিআইয়ের কাছে এখন ঈশ্বরের চেয়েও বেশি টাকা আছে।”
তবে এত অর্থ থাকা সত্ত্বেও ভারতের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, পর্যাপ্ত অর্থ থাকলেও বিশ্বের শীর্ষ মানের স্টেডিয়াম গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগতি হয়নি।
তিনি বলেন, “দুঃখের বিষয়, এত টাকা থাকা সত্ত্বেও আমরা লর্ডসের মতো বিশ্বমানের স্টেডিয়াম বানাতে পারছি না। দুর্নীতি ছড়িয়ে আছে। স্টেডিয়ামগুলোর টয়লেটের অবস্থা খারাপ। কোথাও এস্কেলেটর নেই। সুযোগ-সুবিধাও খুবই নিম্নমানের। এগুলো ভেঙে নতুন করে ওয়েম্বলি স্টেডিয়ামের মতো আধুনিকভাবে গড়ে তোলা উচিত।”
ভারতের বিভিন্ন স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। মোদির মতে, বাইরে থেকে বড় ও দর্শকপূর্ণ মনে হলেও বাস্তবে অনেক স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ মান খুবই খারাপ।
তিনি আরও বলেন, “ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলে আমাদের স্টেডিয়ামগুলোর মান কিছুই না। অনেক জায়গায় এগুলো যেন আবর্জনার স্তূপের মতো। এমনকি ইংল্যান্ডের সবচেয়ে পুরোনো স্টেডিয়ামও এসবের চেয়ে ভালো অবস্থায় আছে।”

