অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ শুধু হরমুজ প্রণালী নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্যিক চুক্তিও বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।
আজ শনিবার (১৮ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট ও ভবিষ্যৎ নীতিনির্ধারণ নিয়ে এসব মন্তব্য করেন। ড. দেবপ্রিয় বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তবে হরমুজ প্রণালীর মতো ভূরাজনৈতিক ঝুঁকির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলোও জ্বালানি আমদানিতে বড় ধরনের প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, “উত্তরণকালীন সময়ে আমাদের অবশ্যই গ্রিন এনার্জির দিকে যেতে হবে। আগামী বাজেটে জ্বালানি সংকট কাটিয়ে ওঠার স্পষ্ট প্রতিফলন থাকতে হবে।” তাঁর মতে, পূর্ববর্তী সরকারের জ্বালানি নীতি ছিল ত্রুটিপূর্ণ। নতুন গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি এবং বাপেক্সে যথাযথ বিনিয়োগও করা হয়নি। ফলে দেশ ক্রমেই আমদানিনির্ভর হয়ে পড়েছে। এই অর্থনীতিবিদ দাবি করেন, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও তার পূর্ণ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। তাঁর ভাষায়, “কায়েমি স্বার্থের কারণে আমদানিনির্ভরতা আরও বেড়েছে।”
তিনি বলেন, জ্বালানি খাতে শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, ভূরাজনৈতিক বাস্তবতাও বড় ভূমিকা রাখছে। একই সঙ্গে সংস্কার প্রক্রিয়ার ঘাটতির কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাঁর মতে, আগামী সময়ে সরকারের দুই থেকে তিন বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য কর ব্যবস্থার সংস্কারের ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, করের হার কমিয়ে করদাতার সংখ্যা বাড়াতে হবে এবং করের বিনিময়ে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে, যা সরকারের ঘোষিত নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
তিনি প্রশ্ন তোলেন, কেবিনেট সাব-কমিটির উদ্যোগে পেট্রল পাম্পের সামনে দীর্ঘ সারি কমানো না গেলে এমন উদ্যোগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন থেকে যায়। তাঁর মতে, এসব উদ্যোগ জনসাধারণের কাছে আরও স্বচ্ছভাবে উপস্থাপন করা দরকার।
সবশেষে তিনি বলেন, আগামী বাজেটে জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বাপেক্সকে আরও সক্রিয় করা, সমুদ্রে গ্যাস অনুসন্ধান জোরদার করা এবং জ্বালানি খাতে ভর্তুকি পুনর্মূল্যায়ন করে সাশ্রয়ী আমদানি নিশ্চিত করা জরুরি।

