বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর নতুন প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলে দায়িত্ব পালন করছেন।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বায়রার বর্তমান প্রশাসকের মেয়াদ চলতি মাসের ২৭ এপ্রিল শেষ হচ্ছে। এরপর বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মোহাম্মদ বদরুল হককে আগামী ২৮ এপ্রিল থেকে চার মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের পর বায়রার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি সংগঠনটির সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কাজও সম্পন্ন করবেন। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

