দেশের বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আবারও উৎপাদনে ফিরছে। বেসরকারি উদ্যোগে প্রথম ধাপে ছয়টি সরকারি পাটকল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ছয় মাসের মধ্যেই এসব মিল পুনরায় চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে বন্ধ পাটকল, কারখানা চালু ও ইজারা–সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্ত্রী বলেন, শুধু ছয়টি নয়, পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকেও চালু অথবা ইজারার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাড়বে রপ্তানি আয় ও কর্মসংস্থানের সুযোগ।
সরকারের এই উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা পাটশিল্পে নতুন গতি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বাড়ার প্রেক্ষাপটে পাটশিল্পকে ঘিরে নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।

