চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) একদিনে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার টার্মিনালটিতে মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে। এটি এনসিটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ কনটেইনার পরিচালনার ঘটনা।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে গত ১১ এপ্রিল এই টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আগের রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক তৈরি হলো। শুধু এনসিটিই নয়, একই দিনে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। বন্দর সংশ্লিষ্টদের মতে, এটি বন্দরের সামগ্রিক সক্ষমতা ও কার্যক্রমে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি, ব্যবস্থাপনায় উন্নয়ন এবং শ্রমিকদের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
বর্তমানে এনসিটি পরিচালনা করছে চিটাগং ড্রাই ডক লিমিটেড। সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক কিছু পরিবর্তনের কারণে টার্মিনালের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এর ফলে কনটেইনার জট কমবে, জাহাজের অপেক্ষার সময় হ্রাস পাবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

