প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, শিক্ষা, কৃষি গবেষণাসহ নানা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে।
ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরও বাড়ানোর আগ্রহ রয়েছে বাংলাদেশের। তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যেই কাজ করছে সরকার।
বুধবার সচিবালয়ে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, দুই দেশের সম্পর্ককে আরও গভীর করতে পারস্পরিক বাণিজ্যচুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের চুক্তি কেবল বাণিজ্য নয়, সামগ্রিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো দ্বিপক্ষীয় চুক্তির প্রতি সম্মান দেখানো প্রয়োজন এবং বাংলাদেশ সেই নীতিতেই অটল রয়েছে।
বৈঠকে বিভিন্ন পণ্যের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। বিশেষ করে ওষুধ খাত নিয়ে কথা হয়েছে। তিনি আরও বলেন, চুক্তির আওতায় থাকা পরামর্শ বা কনসালটেশন প্রক্রিয়া জোরদার করে বাংলাদেশের স্বার্থ আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। তাই এই বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
এর আগে ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত সোমবার ঢাকায় পৌঁছায়। মঙ্গলবার সকালে দলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিদলটি বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থান করবে।
উপদেষ্টা আরও জানান, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টরা বিভিন্ন দেশ সফর করছেন। এসব সফরের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা।

