সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত সঞ্চয় নিরাপদ জায়গায় রাখতে চান। এই কারণে সঞ্চয়পত্র, এফডিআর ও বন্ডের পাশাপাশি এখন নতুন একটি বিকল্প হিসেবে উঠে আসছে সুকুক। এই বিনিয়োগপণ্যকে সাধারণ গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সেই লক্ষ্যেই সুকুকে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নির্ধারিত মাশুল এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই সুকুক ইনভেস্টর আইডি খুলতে পারবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এক প্রজ্ঞাপনে এই নতুন নির্দেশনা, মাশুল কাঠামো এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা প্রকাশ করেছে।
সুকুক ইনভেস্টর আইডি খুলতে বিনিয়োগকারীদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে আবেদন করতে হবে। সেখানে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
ব্যক্তি বিনিয়োগকারীর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- আবেদন ফরম
- ব্যাংক হিসাবের তথ্য
- জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট
- ছবি
- টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে)
- যোগাযোগের তথ্য
- নমিনির ছবি ও তথ্য
- নমিনির জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্মনিবন্ধন সনদ
অনিবাসী বা বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী:
- আবেদন ফরম
- বিনিয়োগকারীর হিসাবের তথ্য
- ছবি ও পাসপোর্ট
- টিআইএন বা কর সনদ
- যোগাযোগের তথ্য
- নমিনির ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি:
- আবেদন ফরম
- ব্যাংক হিসাবের তথ্য
- নিবন্ধন ফরম
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
- মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন
- বোর্ড রেজোল্যুশন
- টিআইএন সনদ
- নিবন্ধিত ঠিকানা
- সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ তথ্য
- অনুমোদিত স্বাক্ষরকারীর ছবি ও পরিচয়পত্র
পেনশন, প্রভিডেন্ট ও ট্রাস্ট সংস্থা:
- আবেদন ফরম
- ব্যাংক হিসাবের তথ্য
- নিবন্ধন বা অনুমোদন সনদ
- ট্রাস্ট ডিড (প্রযোজ্য ক্ষেত্রে)
- বোর্ড অব ট্রাস্টিজের রেজোল্যুশন বা সভার কার্যবিবরণী
- এনবিআর সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- অনুমোদিত স্বাক্ষরকারীর তথ্য, ছবি ও এনআইডি
একক মালিকানা ও অংশীদারি ব্যবসা:
- আবেদন ফরম
- ব্যাংক হিসাবের তথ্য
- ট্রেড লাইসেন্স
- অংশীদারি দলিল (অংশীদারি হলে)
- টিআইএন
- মালিক বা অংশীদারের জাতীয় পরিচয়পত্র
- যোগাযোগ তথ্য
- নমিনির ছবি ও তথ্য (একক মালিকানায়)
- নমিনির এনআইডি বা পাসপোর্ট
বিদেশি প্রতিষ্ঠান বা অনিবাসী কোম্পানি:
- আবেদন ফরম
- ব্যাংক হিসাবের তথ্য
- মেমোরেন্ডাম ও আর্টিকেলস (প্রযোজ্য ক্ষেত্রে)
- অংশীদারি দলিল (প্রযোজ্য ক্ষেত্রে)
- বোর্ড বা ট্রাস্টি রেজোল্যুশন (প্রযোজ্য ক্ষেত্রে)
- টিআইএন বা কর সনদ
- নিবন্ধিত ঠিকানা
সুকুক বিনিয়োগে মাশুল কত: নতুন নির্দেশনা অনুযায়ী ভ্যাটসহ মাশুল নির্ধারণ করা হয়েছে—
ব্যক্তি বিনিয়োগকারী:
- আইডি খোলা, নিলামে অংশগ্রহণ ও বার্ষিক রক্ষণাবেক্ষণ: সর্বোচ্চ ২০০ টাকা (প্রতি ক্ষেত্রে)
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী:
- প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকা
সেকেন্ডারি মার্কেট লেনদেন:
- প্রতি লেনদেনে ১০০ টাকা
আয়কর সনদ:
- বছরে একটি সনদ বিনামূল্যে
- অতিরিক্ত সনদ: ব্যক্তি ২০০ টাকা, প্রতিষ্ঠান ৫০০ টাকা (সর্বোচ্চ)
যেসব সেবা সম্পূর্ণ বিনা মূল্যে:
- মুনাফা, ভাড়া বা আসল পরিশোধ
- বিনিয়োগ পরিমাণ বা হোল্ডিং রিপোর্ট সংগ্রহ
- সুকুক আইডি বন্ধ করা
এসব সেবায় কোনো মাশুল নেওয়া যাবে না। বিনিয়োগকারীদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের “গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো”-তে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সিকিউরিটি মডিউলের মাধ্যমে আইডি খোলা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে নির্ধারিত নিয়ম অনুযায়ী। প্রবাসী বাংলাদেশি বা বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে “টাকা হিসাব”-এর তথ্য বাধ্যতামূলক। প্রতিষ্ঠান বা ট্রাস্টের ক্ষেত্রে অনুমোদিত নথিপত্র ও বোর্ড সিদ্ধান্ত জমা দিতে হবে।

