বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) রয়্যালটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি এবং আউটওয়ার্ড রেমিট্যান্স অনুমোদন সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করেছে। ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো প্রক্রিয়া এখন সম্পূর্ণ অনলাইন হওয়ায় অনুমোদনের সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
বিডার তথ্য অনুযায়ী, আগে এসব সেবা পেতে যেখানে প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগত, এখন তা নেমে এসেছে মাত্র ৭ থেকে ১০ কার্যদিবসে। এতে সেবা গ্রহণের সময় প্রায় ৮৩ শতাংশ কমেছে এবং কার্যক্রমের গতি বেড়েছে প্রায় ছয় গুণ।
২০২৬ সালের জানুয়ারি থেকে রয়্যালটি সেবাটি সম্পূর্ণভাবে অনলাইনে চালু করা হয়। বর্তমানে বিনিয়োগকারীরা বিডার নির্ধারিত প্ল্যাটফর্ম bidaquickserv.org এর মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারছেন। এতে কাগজপত্রের ঝামেলা কমার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতাও বেড়েছে। বিডা জানায়, সময়সীমার মধ্যে কার্যক্রম সম্পন্ন হওয়ায় গত এপ্রিল মাসেই ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে চারটি রয়্যালটি পেমেন্ট অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে।
ডিজিটাল ব্যবস্থার আগে বিদেশি কোম্পানিগুলোকে প্রায় ৫০০ পৃষ্ঠার সহায়ক নথিপত্র ম্যানুয়ালি জমা দিতে হতো। এসব নথি যাচাই, সারসংক্ষেপ তৈরি, অভ্যন্তরীণ নোটিং, পর্যালোচনা এবং চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগত। এখন ওএসএস পোর্টালে কাঠামোবদ্ধ ডিজিটাল ইনপুট ও হাইলাইট সুবিধা যুক্ত হওয়ায় যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ অনেক দ্রুত হয়েছে।
এ ছাড়া বিনিয়োগকারীরা এখন অনলাইনে নিজেদের আবেদন ট্র্যাক করতে পারছেন। এতে সেবার স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে রয়্যালটি সেবার ফি পরিশোধ ব্যবস্থাও সম্পূর্ণ অনলাইনে আনা হয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যবধান পূরণ করেছি। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সময়োপযোগী, সহজ ও সুশৃঙ্খল ডকুমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে সেবা দেওয়া জরুরি। রয়্যালটি সেবা সম্পূর্ণ ডিজিটাল হওয়ায় প্রক্রিয়া আরও দ্রুত, কাঠামোবদ্ধ ও মানসম্মত হয়েছে। এতে বিনিয়োগকারীরা নির্ভরযোগ্য ও স্বচ্ছ সেবা পাবেন।”
বিডা ওএসএস প্ল্যাটফর্মে এই সহজীকরণ কার্যক্রমে ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম (টিইপিপি)-এর আওতায় কারিগরি সহায়তা দিয়েছে ইউএনডিএফ বাংলাদেশ। বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে বিজনেস অটোমেশন লিমিটেড। সেবাটি আরও উন্নত ও ব্যবহারবান্ধব করতে কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বিডা ওএসএস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টির বেশি বিনিয়োগ সেবা একক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এর মধ্যে বিডার নিজস্ব ৪০টি সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।

