রাজধানীর শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় আধুনিক একটি বহুতল সরকারি অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩টি বেজমেন্টসহ ১২ তলা এই ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি ৭০ লাখ টাকার বেশি।
আজ বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ব্যয় অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হয় এবং পর্যালোচনার পর তা অনুমোদন পায়।
বৈঠক সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়নাধীন “শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় ৩টি বেজমেন্টসহ ১২তলা অফিস ভবন নির্মাণ, অভ্যন্তরীণ স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়ন কাজ” শীর্ষক প্রকল্পের প্যাকেজ ডব্লিউ-০২-এর আওতায় এই নির্মাণ কাজ সম্পন্ন হবে। দরপত্র প্রক্রিয়ার অংশ হিসেবে অনলাইনে ইজিপি পদ্ধতিতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে মোট ১৩টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ৮টি দরপত্র কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
পরবর্তীতে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী কারিগরি ও আর্থিক দিক থেকে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেডকে কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১০৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার ৪৪৪ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন করবে। পুরো ব্যয় সরকারি তহবিল থেকে নির্বাহ করা হবে।
উল্লেখ্য, শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় এই বহুতল অফিস ভবন নির্মাণ প্রকল্পটি ২০২৩ সালের ৯ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রকল্পের আওতায় শুধু ভবন নির্মাণই নয়, বরং অভ্যন্তরীণ স্যানিটারি ব্যবস্থা, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজও সম্পন্ন করা হবে।

